বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

logo

রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ

reporter

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ


রাজধানীতে বিএসটিআইয়ের অভিযান: ৩ ফিলিং স্টেশনের ৪ ইউনিটে মাপে কম তেলের প্রমাণ

পেট্রোল পাম্পে গ্রাহকদের সঙ্গে জ্বালানি তেল পরিমাপে প্রতারণা ও কারচুপি রোধে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে চারটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ মিলেছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজধানীর চৌধুরীপাড়া, টিকাটুলি ও খিলগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে চৌধুরীপাড়ার মালিবাগ অটো সার্ভিসের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। টিকাটুলির এ হাই অ্যান্ড কোং-এর তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিটের মধ্যে দুটি অকটেন ইউনিটে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এবং তেল পরিমাপে যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে নিয়মিত বাজার তদারকি, নজরদারি ও সার্ভিল্যান্স অভিযান অব্যাহত থাকবে। পরিমাপে কারচুপির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Link Copied