
নারায়ণগঞ্জে মাদ্রাসার আগুনে দগ্ধ শিক্ষার্থীতিদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ড্যাব নেতাদের
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৮৮ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে এবং তাঁদের পাশে দাঁড়াতে হাসপাতালে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী ও সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহসাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, সহমানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র, সহসাহিত্যবিষয়ক সম্পাদক ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. মো. শফিকুল আলম সুমন। এছাড়া ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার এবং আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার উপস্থিত ছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৮৮ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে বর্তমানে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ড্যাব নেতৃবৃন্দ অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।






















